দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১০ বছর সঞ্চালনার পর জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি ছেড়ে নতুন চ্যালেঞ্জ হিসেবে বিগ বস বাংলার দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণে তিনি দাদাগিরি ছেড়েছেন বলে টালিউডে গুঞ্জন থাকলেও সম্প্রতি এক পডকাস্টে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। একই সঙ্গে দেবের সঞ্চালনায় দাদাগিরি দেখছেন এবং অনুষ্ঠানটি তার ভালো লাগছে বলেও জানিয়েছেন সৌরভ।
‘টাফ টক উইথ ঋতব্রত’ পডকাস্টে এসে দাদাগিরি ছাড়ার বিষয়ে কথা বলেন সৌরভ। তার ভাষ্য, দীর্ঘদিন একই অনুষ্ঠান সঞ্চালনার পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই ভাবনা থেকেই বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব নেওয়া।
নিজের সিদ্ধান্ত বোঝাতে ক্রিকেটের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘অনেক দিন করেছি (দাদাগিরি)। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।’
দাদাগিরি ছেড়ে বিগ বস বাংলার সঞ্চালক হওয়ায় তার পরিচয় বদলে যাবে কি না, এমন প্রসঙ্গে সৌরভ বলেন, ‘দাদা, দাদাই। বাঙালির ঘরের ছেলে। দাদা সিম্পল মানুষ। বিগ বস আর দাদাগিরি তো শো-এর নাম। প্রিন্স ক্রিকেটের নাম। দাদা বাঙালির ঘরের ছেলে।’
খবর অনুযায়ী, স্টার জলসার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় দুটি অনুষ্ঠান সঞ্চালনা করার কথা তার। একটি বিগ বস বাংলা, অন্যটি কুইজভিত্তিক অনুষ্ঠান। তবে দ্বিতীয় অনুষ্ঠানটির ধরন এখনো প্রকাশ করা হয়নি। চ্যানেলের পক্ষ থেকে শুধু এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।
সম্ভাবনা রয়েছে, বিগ বস বাংলা শেষ হওয়ার পর নতুন কুইজ অনুষ্ঠানটি শুরু হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরের দিকে অনুষ্ঠানটি পর্দায় আসতে পারে।
পডকাস্টে সৌরভ জানান, দাদাগিরি সঞ্চালনার প্রস্তাব পাওয়ার পর দেব তাকে ফোন করেছিলেন। তখন দেবকে নিজের মতো করে অনুষ্ঠানটি সঞ্চালনার পরামর্শ দিয়েছিলেন সৌরভ। তার মতে, দেবের সৌরভের মতো ‘দাদা’ হওয়ার চেষ্টা না করে নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখা উচিত।
দেবের সঞ্চালনায় দাদাগিরি দেখছেন বলেও জানান সৌরভ। অনুষ্ঠানটি তার ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিগ বস বাংলার সঞ্চালক হিসেবে সৌরভকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে। দর্শকদের একাংশের অভিযোগ, তার সঞ্চালনায় সাবলীলতার অভাব রয়েছে এবং তা অনেক ক্ষেত্রে অতিরিক্ত চিত্রনাট্যনির্ভর মনে হয়। প্রতিযোগীদের প্রতি পক্ষপাতের অভিযোগও তুলেছেন কেউ কেউ। এ প্রসঙ্গে আলোচনায় বারবার জীতু ও দুর্নিবারের নাম উঠে এসেছে।
/অ